ঝিনাইগাতীতে ইউপি অফিস ঘেরাও
দুর্নীতির পক্ষ নেয়ায় পিআইওকে গণপিটুনী
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৪৭
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ভিজিএফের চাল বিতরণে ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, চরম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। দরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হলেও ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ এ অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণের জন্য ১৭ হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ দেয় ত্রাণ মন্ত্রণালয়। কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণ এসব ভিজিএফ চাল হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ না করে ভুয়া মাস্টার রোল দাখিল করে সিংহভাগ চাল কালো বাজারে বিক্রি করে দেন। কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও পাওয়া গেছে। প্রকৃত অর্থে ভিজিএফ কার্ডের চাল যাদের পাওয়ার কথা তারা পায়নি।
ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ঝিনাইগাতী সদর ও গৌরীপুর ইউনিয়নে। গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মন্টু মিয়া জানান, ঈদের ২ দিন পূর্বে বুধবার গৌরীপুর ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরণের সময় এলাকাবাসী কালো বাজারে চাল বিক্রির অভিযোগ করে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোস্তফা কামালকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান।
তিনি ঘটনাস্থলে গিয়ে দুর্নীতির পক্ষে অবস্থান নিলে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেন। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।