ভাটেরা রাবার বাগানের গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন ভাটেরা রাবার বাগনের ৫নং উত্পাদন সেকসন থেকে মংগলবার ভোর রাতে একদল সংঘবদ্ধ পাচারকারী দল ১৯টি উত্পাদনশীল রাবার গাছ কেটে নিয়েছে। ক্ষতির পরিমাণ ৪৩ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। জানা গেছে, খবর পেয়ে বাগান কর্তৃপক্ষ বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক চৌধুরীর সহায়তায় দূর্গম এলাকা থেকে কাঠের লগগুলো আটক করলেও পাচারকারীরা ট্রলি নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, প্রতিবছর চিহ্নিত একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র ২ হাজার ৭শ’ ৬৭ একরের এই বাগান থেকে রাতের আঁধারে প্রচুর পরিমাণে উত্পাদনশীল রাবার গাছ কেটে নিয়ে বাগানের ব্যাপক ক্ষতি সাধন করছে। জীবনের ঝুঁকি নিয়েও বাগান কর্তৃপক্ষ পার্শ্ববর্তী এলাকার সংঘবদ্ধ শক্তিশালী কাঠ পাচারকারীদেরকে নিভৃত করতে পারছেন না । বাগানের ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম জানান, এই বৃহত্ বাগানটি সংরক্ষণ করতে মাত্র ৮ জন মাঠকর্মী এবং ২০ জন আনসার রয়েছে। তাদের পক্ষে দিনরাত বাগানের সম্পদ পাহারা দেয়া সম্ভব হয় না । একটি সূত্র জানায়, রাবারের লগগুলো সমিলে নিয়ে সাইজ মত চিরিয়ে বিভিন্ন নামে বাজারে বিক্রি করা হয়।