ইত্তেফাক রিপোর্ট
দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী মারাত্মক হার্ট এ্যাটাকের শিকার হয়ে রাজধানীর জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এনজিওগ্রাম করার পর ব্লক ধরা পড়লে তাঁর হূদযন্ত্রের ধমনীতে একটি রিং বসিয়ে দিয়েছেন চিকিত্সকরা। বর্তমানে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সেখানে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন। এদিকে অসুস্থতার খবর শুনে তাকে দেখতে গতকাল রাতে হাসপাতালে যান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। তিনি তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিত্সার খোঁজ-খবর নেন।
রোগীর পরিবারের সদস্যরা জানায়, গত কয়েকদিন ধরে উত্তম চক্রবর্তী শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। প্রেসার বেড়ে গিয়েছিল। আর সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুকের বাম পার্শ্বে তীব্র ব্যথা অনুভব করেন। সারারাত ঘুমাতে পারেননি তিনি। এমতাবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৯টায় তাঁকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাঁর চিকিত্সা শুরু হয়।