হাজার কেজি টেলিফোন কেবলসহ ১ জন গ্রেপ্তার

শ্রীনগরে আন্তঃজেলা চোরাই তার চক্রের সন্ধান পেয়েছে র্যাব। সোমবার রাতে উপজেলার কোলাপাড়া এলাকা থেকে তার চোরাই কাজে ব্যবহূত একটি ট্রাকসহ ইসহাক হোসেন বাবু (৩০) নামে একজনকে গ্রেফতারের পর এ চক্রটির মূল হোতা স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সন্ধান পাওয়া গেছে। বাবুকে গ্রেপ্তারের সময় চক্রের মূল হোতা কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক গোলাম রসুল (৫৫) ও তার সহযোগী মো.রিপন (৩৮) র্যাবের হাত থেকে পালিয়ে যায়। পরে বাবুর দেয়া তথ্য মতে নাওপাড়া এলাকায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে পানির নিচ থেকে এক হাজার কেজি টেলিফোনের তার উদ্ধার করা হয়। র্যাব-১১ ভাগ্যকূল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোলাম রসুল আন্তঃজেলা চোরাই তার চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় বৈদ্যুতিক তার চুরির মামলা রয়েছে। সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর বাসস্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পশ্চিমে কোলাপাড়া এলাকায় একটি ট্রাক থেকে চোরাই তার নামানো হচ্ছে। খবর পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই কাজে ব্যবহূত ট্রাকসহ বাবুকে গ্রেফতার করে।