গোবিন্দগঞ্জে পুত্রের হাতে মা নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে মা নিহত হয়েছে। এর মাত্র ৩ দিন আগে অন্য পুত্রের ধারাল অস্ত্রের আঘাতে পিতা নিহত হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ দেলোয়ার হোসেন জানান, গত সোমবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ক্ষিরিবাড়ী গ্রামের আব্দুল কাফীর পুত্র আব্দুল হালিম পারিবারিক কলহের জের ধরে তার মা হালিমা বেগম (৪৫) কে ছুরিকাঘাত করলে সে মারাত্মক আহত হয়। এ অবস্থায় হালিমাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পরপরই ঘাতক পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি। উল্লেখ্য, গত শনিবার সকালে একই ইউনিয়নের মালঞ্চা গ্রামে সিএনজি কিনে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটে।