কালীগঞ্জে বাড়িতে আগুন দিলো মাদকাসক্ত পুত্র
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫১
গাজীপুরের কালীগঞ্জে এক মাদকাসক্ত পুত্র টাকা না পেয়ে নিজের বাবার বাড়িতে আগুন দিয়ে বিভিন্ন জিনিসপত্রসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়িয়ে ফেলেছে। এ ব্যাপারে গত সোমবার মাদকাসক্তের পিতা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত রবিবার কালীগঞ্জ পৌরসভাধীন ভাদগাতী গ্রামের মোঃ সাইদুল ইসলাম মাস্টারের মাদকাসক্ত ও অবাধ্য পুত্র রিমন (২২) ১ লক্ষ টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে রিমন ক্ষিপ্ত হয়ে তার পিতাকে বেদম মারপিট করে এবং বসতঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির তিনটি রুমের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা যায়, রিমনকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করেও সংশোধন করা যায়নি।