ইউএস ওপেন শুরু ২৬ আগস্ট
শিরোপা রক্ষায় চাপকেই বড় বাধা মানছেন মারে
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫১
অ্যান্ডি মারের ধারণা, প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্ল্যামে শিরোপাধারি হিসেবে কোর্টে নামতে যাওয়ার কারণে ইউএস ওপেনের আগে তিনি প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন। শেষ পর্যন্ত এটাই তার শিরোপা ধরে রাখার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে উঠতে পারে।
আগামী ২৬ আগস্ট নিউইয়র্কে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরুর প্রাক্কালে সিনসিনাটিতে প্রস্তুতিমূলক টুর্নামেন্টে ব্যস্ত এই স্কটিশ গত সোমবার তার শঙ্কার কথা বলেন।
ঘরের কোর্ট উইম্বল্ডনে গত মাসেই ঘুচিয়েছেন ব্রিটিশদের ৭৭ বছরের শিরোপা বন্ধ্যাত্ব। স্বভাবতই ভক্তদের আকাঙ্ক্ষাও বেড়ে গেছে বহুগুণে। এর সাথে যোগ হয়েছে শিরোপা ধরে রাখার চাপ। র্যাঙ্কিংয়ে বর্তমানে দুই নম্বরে থাকা মারে বলছেন, দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেও এই অনুভূতিটা তার কাছে একেবারেই নতুন, ‘এটা আমার জন্য একেবারেই নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। এবারই প্রথম আমি শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাচ্ছি। তবে বিষয়টি ঠিকভাবে সামলাতে পারবো বলে আমি আশাবাদী।’
শুধু সমর্থকদের প্রত্যাশাই নয়, নিজের প্রস্তুতিকেও চাপের কারণ হিসেবে উল্লেখ করে মারে আরো বলেন, ‘প্রচণ্ড মানসিক চাপের পেছনে আমি নিজেও কিছুটা দায়ী। আপনি কোন কিছু পাবার জন্য কতটা পরিশ্রম করতে রাজি এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তবে আমার মনে হয় এজন্য যে ধরনের মানসিকতা প্রয়োজন সেটা আমার আছে।’
নিউইয়র্কে যাবার আগে নিজের সর্বশেষ খেলাতে বর্তমানে সিনসিনাটিতে থাকা মারের ইউএস প্রস্তুতিকে এখন পর্যন্ত মোটেই আশাব্যঞ্জক বলা যাবে না। চলতি হার্ডকোর্ট মৌসুমে নিজের প্রথম টুর্নামেন্ট মন্ট্রিল মাস্টার্সে গত সপ্তাহে তিনি আর্নেস্ত গালবিসের কাছে হেরে গেছেন দ্বিতীয় রাউন্ডেই।
তবে সিনসিনাটিতেই এই হারের বদলা নেয়ার সুযোগ পেতে পারেন তিনি। নিজের প্রথম ম্যাচে গালবিস অথবা মিখাইল ইয়ুজনির মুখোমুখি হবেন তিনি।
এদিকে পুরুষ এবং মহিলা পেশাদার টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা এটিপি এবং ডব্লিউটিএ’র যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে গতকাল রাতেই কোর্টে নেমেছেন রজার ফেদেরার। টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারের প্রতিপক্ষ জার্মানির ফিলিপ কোলস্ক্রেইবার।
রেকর্ড ১৭ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এই সুইস কিংবদন্তি জানিয়েছেন, পিঠের ইনজুরি কাটিয়ে ইউএস ওপেনের জন্য পুরোপুরিই প্রস্তুত তিনি। তবে গত মার্চের পর প্রথমবারের মতো হার্ডকোর্টে নামতে যাওয়া ফেদেরারকে ঝামেলায় ফেলতে পারে এই দীর্ঘদিনের অনভ্যস্ততার বিষয়টিই।