শচিন ও শেবাগের ডাবল দু’টি অনেক বড় : ধাওয়ান
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫১
দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ‘এ’ দলের হয়ে সীমিত ওভারের ম্যাচে গত সোমবার ডাবল-সেঞ্চুরি হাঁকানো ওপেনার শিখর ধাওয়ান জানিয়েছেন, শচীন টেন্ডুলকার ও বিরেন্দর শেবাগের ডাবল দুটি আরো বড় ও মর্যাদাকর।
ভারতের তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্রিকেট ইতিহাসে ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন ধাওয়ান। এর আগে আন্তর্জাতিক ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন ও শেবাগ। এ ব্যাপারে ধাওয়ান বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ না হলেও টেন্ডুলকার-শেবাগের মত সীমিত ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি করলাম আমি। তবে এটির চাইতে টেন্ডুলকার-শেবাগের ডাবল সেঞ্চুরি দু’টি অনেক বড় এবং মর্যাদাকর।’
ব্যাট হাতে ২২ গজে সময়টা দারুণ কাটাচ্ছেন ধাওয়ান। সপ্তম ও শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই জাতীয় দলের হয়ে ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ ও জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজেও জ্বলে উঠেছে ধাওয়ানের ব্যাট।
ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও এ ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন ধাওয়ান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৪৮ রানের দর্শনীয় এক ইনিংস খেলেন এই ওপেনার। সীমিত ওভারের ম্যাচে তৃতীয় ভারতীয় হিসেবে ডাবল-সেঞ্চুরি হাঁকালেন ২৭ বছর বয়সী ধাওয়ান। এর আগে ভারতের হয়ে সীমিত ওভারের ম্যাচে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেন্ডুলকার ও ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন শেবাগ।
দুই সিনিয়রের ডাবল-সেঞ্চুরি দু’টিকে বেশি এগিয়ে রাখা প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ না হলেও টেন্ডুলকার-শেবাগের মত সীমিত ওভারের ম্যাচেও ডাবল সেঞ্চুরি করলাম আমি। তাই ডাবল সেঞ্চুরি করে তাদের পাশেই বসার সুযোগ পেলাম। তবে এটির চাইতে টেন্ডুলকার-শেবাগের ডাবল সেঞ্চুরি দু’টি অনেক বেশি বড় এবং মর্যাদাকর।’ নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন ১৫০ রান অতিক্রম করি, তখন ডাবল সেঞ্চুরির কথা ভাবি। তবে রান করাটাই ছিল মূল লক্ষ্য। শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরিটি পেয়েই যায়। তবে ৪৪তম ওভারের আউট হবার পর বুঝতে পারলাম ট্রিপল সেঞ্চুরি পাবার ভালো সুযোগ ছিল আমার। তবে আমি খুশী বড় স্কোর করতে পেরে।’-বাসস