ভূঞাপুরে ভিজিএফ-এর ৩১০ বস্তা চাল আটক
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:০৮
হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর ৩১০ বস্তা চাল পাচারকালে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যমতে সোমবার রাতে উপজেলা নির্বাহী মো. হেলালুজ্জামান সরকার ও অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম অভিযান চালিয়ে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের পাথাইলকান্দী বাজার থেকে চাল ভর্তি ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ট্রাক চালক বেল্লাল হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার গোবিন্দাসী বাজারের চাল ব্যবসায়ী মো. চাঁন মিয়া হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল ট্রাকযোগে কালোবাজারে পাচার করছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেয়া এমন তথ্যের ভিত্তিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী ও অফিসার ইনচার্জ পুলিশ সহকারে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের পাথাইলকান্দী বাজার থেকে চাল ভর্তি ট্রাক আটক করে।
মঙ্গলবার দুপুরে ভূঞাপুর খাদ্য গুদাম ভান্ডারে আটককৃত ট্রাক থেকে ভিজিএফ-এর ৩১০ বস্তা চাল খালাস করা হয়। জানা গেছে, চাল ব্যবসায়ী মো. চাঁন মিয়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের যোগসাজশেই ঐ চাল পাচার করছিল। এ ঘটনার পর থেকে চাঁন মিয়া পলাতক রয়েছে। এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, এর আগেও চাল সংক্রান্ত বিষয়ে চাঁন মিয়া ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।