বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশু ও প্রকৌশলীসহ ৮ জনের মৃত্যু
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:০৮
গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশু, প্রকৌশলী ও কৃষকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে । এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। মৃতরা হলো সাবিনা (১২), পিতা সফিক মিয়া , আলী নূর (৫), জেসমিন (১০), পিতা মোগন মিয়া। ঐ তিন শিশু চাচাতো ভাই- বোন। সকালে গোছল করতে তারা পুকুর ঘাটে যায় । সাঁতার না জানা আলী নূর ও জেসমিন অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় । তাদের বাঁচাতে সাবিনা পুকুরে নামলে সেও মারা যায়।
নেত্রকোনা প্রতিনিধি ও দুর্গাপুর সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পৌর এলাকার দক্ষিণপাড়ায় মামার বাড়ি বেড়াতে এসে রিমন পাল (১২) এবং লিখন পাল (৮) নামের দুই ভাই সোমেশ্বরী নদীর পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গরবার দুপুরে। এরা কিশোরগঞ্জ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি গ্রামের লিটন পালের পুত্র। দুর্গাপুরের দক্ষিণপাড়ার মৃণালকান্তি পাল রিমন ও লিখনের মামা। গতকাল দুপুরে দুই ভাই নদীতে নামলে খরস্রোতা সোমেশ্বরী এদের ভাসিয়ে নেয়। পরে এদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামার বাড়িতে কান্নার রোল পড়ে যায়।
রাজশাহী অফিস জানায়, রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে কৃষক আজিজুল খাঁ’র (৫০) মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পদ্মা নদীতে পাটের জাগ (পচানো) দেখতে নেমে তিনি স্রোতের টানে ডুবে যান। তিনি উপজেলার কলিগ্রামের মৃত তারু খাঁ’র ছেলে। সঙ্গে থাকা আলাল উদ্দীন জানান, বেলা ৩টার সময় আজিজুল খাঁ উপজেলার নারায়ণপুর সড়ক ঘাটে পদ্মায় পাটের জাগ (পচানো) দেখতে নামেন। এক পর্যায়ে তিনি পদ্মার স্রোতের টানে পানির নিচে তলিয়ে যান।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে মারা গেছেন এক কম্পিউটার প্রকৌশলী। সোমবার বিকালে রংপুর মহানগরীর হাজিরহাট এলাকার ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, নগরীর ধাপ এলাকার ব্যবসায়ী খন্দকার মারুফ এলাহির পুত্র ও টাচ ভেলী সলিউশন লিমিটেডের কম্পিউটার প্রকৌশলী খন্দকার মাসুদ এলাহি সোমবার বিকালে তার পরিবারের সদস্যদের সঙ্গে রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় যায়। বিকালে তিনি ঘাঘট নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যান। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম জিহাদ উদ্দিন জিহান (৫)। মোবারক ঘোনা আনন্দবাজার এলাকার নূর হোসেন মিয়ার বাড়ির নিজাম উদ্দিনের একমাত্র ছেলে জিহান।