দেড় মাস পর খুলল বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক

দীর্ঘ একমাস ১২ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার কাপ্তাইস্থ বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট খোলা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রাবাসে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জন্য গত ২ জুলাই ইনস্টিটিউট ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মালেক গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইনস্টিটিউট খোলার ঘোষণা দেন। ইনস্টিটিউট যথারীতি খোলা থাকবে এবং সকল পর্বের ফরম পূরণ ২০ আগস্ট পর্যন্ত চলবে তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। উল্লেখ্য, গত ২ জুলাই ইনস্টিটিউটের ছাত্রদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন ছাত্র আহত হয়। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের আলোকে একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সুপারিশের ভিত্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে দোষী ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে গোলোযোগের সাথে জড়িত থাকার দায়ে ১৭ ছাত্রকে অন্যত্র বদলি, ১২ জন ছাত্রের হোস্টের সিট বাতিল, মুচালেকা ও জরিমানা আরোপ এবং ২ ছাত্রকে ইনস্টিটিউট থেকে বহিষ্কার। ১৪ আগস্ট থেকে শাস্তিমূলক ব্যবস্থার আদেশ কার্যকর হবে বলে সূত্রে বলা হয়।