চকরিয়ায় ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশসহ আহত ৪, গ্রেফতার ১

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় শীর্ষ ডাকাত নূরুল বশরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। উভয়ের মধ্যে ১৪/১৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, গত সোমবার রাত দেড়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার খুটাখালী পূর্ব গর্জনতলী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ১০-১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঐ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় এক এসআইসহ ৪ জন গুরুতর আহত হন। ঐ সময় শীর্ষ ডাকাত নূরুল বশরকে (৩২) পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এসআই কল্লোল, কনস্টেবল হারুনুর রশিদ ও নূর মোহাম্মদ। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২টি কিরিচ, ৩টি কার্তুজ, ৩ রাউন্ড গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অস্ত্র, ডাকাতিসহ তিনটি মামলা করেছে।