হরতালে বেনাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:১০
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল বন্দর নগরী বেনাপোলে কোন প্রভাব পড়েনি। গতকাল আমদানি-রপ্তানি স্বাভাবিকসহ ব্যাংক, বীমা, সরকারি, আধা-সরকারি অফিস ও দোকানপাট খোলা থাকে। তবে দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস চলাচল করেনি।
বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো অফিসার কামরুল হাসান গতকাল জানান, আমদানি-রপ্তানিতে বেনাপোলে হরতালের কোন প্রভাব পড়েনি। সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে চলছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক তোফাজ্জেল হোসেন জানান, হরতাল হলেও বেনাপোল বন্দরে লোড-আনলোডসহ বন্দরের সকল কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে। তবে নিরাপত্তাজনিত কারণে কোন পণ্য বোঝাই ট্রাক বন্দর এলাকা ছাড়েনি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, হরতাল হলেও দুইদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে হরতাল পূর্বে ঘোষিত হওয়ায় ভারত থেকে তেমন কোন যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে না।