বিএসএফ আদালতে ফেলানী হত্যা মামলার শুনানি ১৯ আগস্ট
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪২
কুড়িগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার বিচার গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা বিএসএফ সদর কার্যালয়ে শুরু হয়েছে। ফেলানী হত্যা সংক্রান্ত মামলাটি বিএসএফের বিশেষ আদালত গ্রহণ করেছেন। আগামী ১৯ আগস্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার আদালতের সামনে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে হাজির করা হয়। তবে তদন্তের স্বার্থে ঐ জওয়ানের নাম প্রকাশ করতে রাজি হননি বিএসএফ কর্মকর্তারা।
১৮ আগস্ট দিনহাটার বিএসএফ সদর কার্যালয়ে আসছেন ফেলানীর বাবা নূরুল ইসলাম নূর, মামা আব্দুল হানিফ, কুড়িগ্রাম জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ। বিএসএফ সূত্রে খবরে বলা হয়, ফেলানীর বাবা, বিজিবি কর্মকর্তা ও আইনজীবী উপস্থিত হলেই মূল মামলার শুনানি শুরু হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটার চৌধুরীহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়।