রিজার্ভ ১৬শ কোটি ডলার ছাড়াল
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৬
বাংলাদেশ ব্যাংকে আবারো রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় (রিজার্ভ) হয়েছে। গতকাল দিন শেষে রিজার্ভের পরিমাণ এক হাজার ৬০০ কোটি ডলারের উপরে উঠেছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রফতানি ভাল হওয়া, আমদানি কমে যাওয়ায় এ পরিমাণ রিজার্ভ বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, দিন শেষে রিজার্ভের পরিমাণ এক হাজার ৬০০ কোটি চার লাখ হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১১ সালের ডিসেম্বর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৯৬৩ কোটি ডলার। ২০১২ সালের ডিসেম্বর শেষে তা প্রায় ৩০০ কোটি ডলার বা শতকরা ৩২ ভাগ বেড়ে যায়। এরপর চলতি বছরের জানুয়ারী মাসের শুরুতে রিজার্ভের পরিমাণ বেড়ে এক হাজার ৩০৫ কোটি ডলারে দাঁড়ায়। গত মার্চ মাসে রিজার্ভ এক হাজার ৪০০ কোটি এবং মে-তে এক হাজার ৫০০ কোটি ডলারের উপরে উঠেছে।