মহিলাকে ফোন করার জের ধরে সিলেটে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৬
একজন মহিলার মোবাইল ফোনে কল দেয়ার জের ধরে গতকাল মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৬টি গ্রামের লোকজন দু’ভাগে বিভক্ত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
উপজেলার জালালপুর বাজারে প্রায় দুইঘন্টাব্যাপী এ সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করেছে। সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ছবদলপুর গ্রামের ফজলু মিয়া পার্শ্ববর্তী মীরেরগাঁও গ্রামের এক মহিলার মোবাইলে ফোন দিয়ে তার খালাকে ডেকে দিতে বলেন।
ফজলু মিয়ার এই ফোন পেয়ে মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা পাল্টা ফোন দিয়ে ফজলুকে জালালপুর বাজারে আসতে বলেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। ফজলু জালালপুর বাজারে আসলে মীরেরগাঁও গ্রামের লোকজনও বাজারে আসেন। উভয়পক্ষের বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জালালপুর ইউপি চেয়ারম্যান সোলেমান খান উভয়পক্ষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে পাঠান। দু’পক্ষ সেখানে পৌঁছার পর মীরেরগাঁওয়ের লোকজন ফজলু মিয়ার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে ফজলুর গ্রামের লোকজন সেখানে ছুটে যান এবং এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
২ লাখ টাকা ছিনতাই
সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী তোতা মিয়াকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার বাঘা পরগনা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তোতা মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।