প্রিন্স জর্জের দেখভাল করবেন জেসি
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৭
ব্রিটেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইসের দেখভাল করবেন ন্যানি জেসি যিনি তার বাবা উইলিয়ামের দেখভাল করেছিলেন। ন্যানি পরম যত্নে আগলে রেখেছিলেন ছোট্ট উইলিয়ামকে। খবর হাফিংটন পোস্টের।
জেসিকা ওয়েব নামে সেই ন্যানির বয়স এখন ৭১। অবসর ভুলে তাকে এখন দায়িত্ব নিতে হবে ২০ দিন বয়সী প্রিন্স জর্জের। এরকম ইচ্ছাই পোষণ করেছেন বাবা উইলিয়াম এবং মা কেট। জেসিকে এই প্রস্তাব দিয়েছেন তারা দুইজনে মিলে। যদিও এই ন্যানিকেই এক সময় কাজ থেকে বরখাস্ত করেছিলেন যুবরাণী ডায়ানা। তবে সেই স্মৃতি ভুলে রাজপরিবার-অনুগত ন্যানি ফিরে আসতে চলেছেন। জেসির উপর অগাধ ভরসা রয়েছে বাকিংহাম প্যালেসেরও। বর্তমানে জর্জের সব দায়িত্ব একা সামলাচ্ছেন ডাচেস অফ কেমব্রিজ। সাহায্য করছেন তার মা ক্যারল মিডলটন। কিন্তু মায়ের কাছে বেশি দিন থাকবেন না কেট। গত সপ্তাহেই আবার কাজে যোগ দিয়েছেন উইলিয়াম। এর পরে রাজপরিবারের নানা অনুষ্ঠানে যেতে হতে পারে কেটকে। তাই ছেলে সামলে তিনি সে সব কীভাবে করবেন, তা নিয়ে চিন্তা ছিল বাবা-মায়ের। জেসির কথা এই সময়েই মনে পড়ে উইলিয়ামের।