নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীই দেশ চালাবেন :নাসিম
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের বিকল্প নির্বাচন। কোন পক্ষ কিংবা মহলের অসহযোগিতার কারণে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন। যতোদিন পর্যন্ত নির্বাচন না হবে ততোদিন প্রধান নির্বাহী ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। বর্তমান সংবিধানেই এই কথা উল্লেখ রয়েছে। কোনো ফাঁক ফোকর নেই। তিনি বলেন, অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসতে চাইলে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংবিধানে তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।