বালকের ভাগ্যে জুটল হীরক
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫১
নুড়ি পাথর ভেবে কোনো কিছু ফেলে দিবেন না। কারণ সেটা পরবর্তীতে হীরকেও পরিণত হতে পারে। আর এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের বারো বছরের এক বালকের ক্ষেত্রে। খবর এপি’র।
মাইকেল ডেটলাফ নামের এক বালক গত জুলাইয়ে তার পরিবারের সঙ্গে আরকানসাসের ক্রেটার অব ডায়ামন্ড স্টেট পার্কে বেড়াতে যান। ওই পার্কের একটি স্থান আছে যেখানে সবাই হীরক খুঁজতে পারে। ১৯৭২ সাল থেকে এই কাজটি করা হচ্ছে। মাইকেল দশ মিনিট খোঁজার পর একটি পাথর পায়। সে এটিকে নুড়ি পাথর মনে করছিল। তার মা-বাবাকে দেখায়। কিন্তু তারাও এটি বুঝতে পারেনি যে এটি অতি মূল্যবান হীরক। হীরক নিয়ে কাজ করেন পার্কের এমন বিশেষজ্ঞদের তিনি পাথরটি দেখান। তারা জানান, এটি কেবল সামান্য পাথর নয়, মহামূল্যবান পাঁচ দশমিক ষোল ক্যারেটের হীরক। আর এতেই ভাগ্য খুলে যায় বালকের। কারণ এটি বাদামী রঙ্গের মধ্যে বিশ্বের অষ্টম এবং ২৭তম বড় হীরক। পরিষ্কার করা এবং নির্দিষ্ট আকৃতিতে নেয়ার পর এটি ১৫ হাজার মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিক্রি না হলে তারা এটিকে নিজেদের ঘরে রেখে দেবে বলে জানিয়েছে মাইকেল।