চাঁদপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

চাঁদপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সালামত শিকদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে স্পেশাল নারী ও শিশু ট্রাইবুন্যাল-২। মঙ্গলবার দুপুরে পলাতক আসামি সালামতের অনুপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ মোঃ মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ জুলাই ধর্ষণের অভিযোগ এনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সঙ্গে-সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন। আদেশে উল্লেখ করা হয়, আসামি পলাতক থাকায় আদালতে উপস্থিত কিংবা আত্মসমর্পণ করার পর থেকে এ সাজার মেয়াদ শুরু হবে।