গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ১৯:১৩
শিশুদের প্রাথমিক শিক্ষা আর বুদ্ধির যথাযথ বিকাশের অংশ হিসেবে অনেকেই তাদের হাতে তুলে দেন কালারিং বুক বা রং করার বই যেখানে বর্ণমালা থেকে শুরু করে নানা ধরণের সামগ্রীকে নিজেদের মনের মতো করে রং করে শিশুরা। আর এই কালারিং বুক বা রং করার বইয়ের সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আমেরিকার নিউইয়র্কে অবস্থিত হাব টিভি নেটওয়ার্ক। গেল বছরের শেষ দিকে স্যান্ডি উপদ্রুত এলাকার শিশুদের জন্য গণসচেতনতা বৃদ্ধি ও তাদের জন্য দাতব্য তহবিল প্রদানের অংশ হিসেবে ৩ বর্গমিটার বা ৩২.২৩ বর্গফুটের এই কালারিং বুকটি তৈরি করে হাব নেটওয়ার্ক। আর এ কাজে তাদের সহায়তা করে বেন্ডন পাবলিশিং নামের একটি প্রকাশনা সংস্থা। অন্যদিকে হাব টিভির পক্ষ থেকে সম্প্রতি এ সংক্রান্ত গিনেজের সনদটি গ্রহণ করেন অভিনেত্রী মেলিসা জোয়ান হার্ট যিনি এই চ্যানেলের বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন।