শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

গতকাল বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উঠা-নামার পর সূচক কিছুটা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এ নিয়ে টানা চার কার্যদিবস শেয়ারবাজারের সূচক বেড়েছে। এদিকে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হওয়া সেন্ট্রাল ফার্মার দাম বেড়েছে প্রায় ২৮৪ শতাংশ। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত তিন কার্যদিবসে টানা দর বৃদ্ধির ফলে সূচক বেড়েছে প্রায় দেড়শ’ পয়েন্ট। ফলে গতকাল বাজারে কিছুটা মুনাফা তুলে নেয়ার প্রবণতা ছিল। তবে এখনও কিছু কিছু শেয়ারের দাম কম থাকায় ক্রয়ের চাপও ছিল। তাই সূচকে খুব একটা উঠা-নামা দেখা যায়নি। এদিকে গত কিছুদিন ধরেই বাজারে বিনিয়োগকারীদের মধ্যে বাজার পরিস্থিতি দেখার প্রবণতা দেখা যাচ্ছে। সামনে রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে বাজার কি ধরনের আচরণ করে তা দেখে অনেক বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করতে পারেন। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ২৪ লাখ ৬৮ হাজার টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৮ কোটি ৩ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। ফলে শুক্র ও শনিবারসহ টানা তিনদিনের ছুটির কবলে পড়ছে দেশের শেয়ারবাজার। এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রিলায়েন্স ওয়ান ও এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। জানা গেছে, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক এবং এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।