রাজবাড়ীতে সওজের জমি দখল করে মার্কেট

রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগের বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে জায়গা দখল করে খান সুপার মার্কেট নির্মাণ কাজ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন খানের তত্ত্বাবধানে সড়ক ও জনপদ বিভাগের রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের ও বহরপুর বাজারের মধ্যের রাস্তা দখল করে টিনের বেড়া দিয়ে ঘিরে খান সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু করেছেন। এতে বাজারে যানজটসহ জনগণের ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থায় সংশ্লিষ্ট সড়ক ও জনপদ বিভাগের কর্তাব্যক্তিরা রহস্যজনক কারণে নীরব রয়েছে। মার্কেট নির্মাণকারী আবুল হোসেন খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে বলেন, সড়কের জায়গার উপর মার্কেট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে অবগত করেছি। এব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমিরন রায় বলেন, দখলের বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।