রূপগঞ্জের পেপার মিলে শ্রমিক অসন্তোষ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২০:৫০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মিঠাবো এলাকায় হাশেম পেপার মিলে বেতন বৈষম্যের অভিযোগে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মিলের প্রধান গেটে তালা দেয়। শ্রমিকদের অভিযোগ, হাশেম পেপার মিলের পুরাতন শ্রমিকদের বেতন ৬ হাজার টাকা দেয়া হলেও নতুনদের ১০ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করেন ব্যবস্থাপক। এ কারণে শ্রমিকরা গতকাল কাজে যোগ না দিয়ে গেটে তালা দেয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আইয়ুবুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমিক ও মালিকপক্ষের সাথে কথা বলে বেতন বৈষম্য দূর করার আশ্বাস দিলে দুপুর ১টায় কাজে যোগ দেন। হাশেম পেপার মিলের শ্রমিক মোখলেছ, আল-আমিন, আরজু, ইসমাইল হোসেন জানান, বিনা কারণে ব্যবস্থাপক বশির আহমেদ শিপনের নির্দেশে বয়লার অপারেটর জাহাঙ্গীরকে দিয়ে শ্রমিক জয়নাল আবেদীনকে মারধর করায় ব্যবস্থাপকের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। ব্যবস্থাপক বশির আহমেদ শিপন জানান, দেরিতে কাজে যোগ দেয়ায় মারধর করা হয়েছে। তবে বেতন বৈষ্যম অচিরেই দূর করা হবে।