জঙ্গি সন্দেহে পটুয়াখালীতে তিন মহিলা গ্রেফতার

জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুমা খাতুন, সাবিয়া সুলতানা ও আমেনা বেগম। তাদের বাড়ি যথাক্রমে মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, এদিন দুপুর দেড়টার দিকে তারা ছোট চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করছিল। কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে কিছু জেহাদী বই ও প্রচারপত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন কথাবার্তা বলছে এবং এখানে আসার কারণ সম্পর্কে তারা এখনও কিছু বলছে না। জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।