জলাতঙ্ক নির্মূলে জাতীয় কৌশল প্রণয়ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ. ফ. রুহুল হক বলেছেন, দেশে প্রতি বছর জলাতঙ্ক রোগে দুই হাজারেরও বেশি লোকের মৃত্যু হয় বলে সরকার এর নির্মূলে জাতীয় কৌশল প্রণয়ন করেছে। ২০২০ সাল নাগাদ দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সরকার ২০১০ সালের জুলাই থেকে এই কার্যক্রম শুরু করেছে। তিনি বুধবার ঢাকায় সার্ক দেশসমূহে জলাতঙ্ক রোগ নির্মূলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোঃ সিফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি তুষারা ফার্নান্দো, সার্ক সচিবালয়ের পরিচালক জহুরী ইব্রাহিম বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সার্ক দেশগুলো থেকে জলাতঙ্ক নির্মূলে আঞ্চলিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জলাতঙ্ক প্রতিরোধে শ্রীলংকার উদাহরণ বাকিদের কাজে লাগানোর জন্য দেশগুলোর মধ্যে কৌশল এবং প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ।