বিপিএলে ফিক্সিং কেলেংকারি
ট্রাইব্যুনাল গঠনের পথে বিসিবি
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২২:৩৯
আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে আগের দিনই জানানো হয়েছে, অভিযুক্ত নয় জনের বিপক্ষে চূড়ান্ত ব্যবস্থা নেবেন বিসিবির গঠিত ট্রাইবুনাল। আর সেই ট্রাইবুনাল গঠন নিয়েই এখন কাজ করছে বিসিবি। গতকাল সারাদিন ট্রাইবুনাল চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে এমন গুঞ্জন ছিল। কিন্তু বিসিবি থেকে পরিষ্কার বলা হয়েছে, তারা এখনও প্রথম পদক্ষেপ চেয়ারম্যান নিয়োগ বা ডিসিপ্লিনারি কমিটি গঠনও করেননি। এ ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছেন মাত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের কমপক্ষে দুটি ম্যাচ নিয়ে তদন্ত করেছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)। সেই তদন্তে নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে আকসু; যদিও নয় জনের কারো নাম প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে পত্র-পত্রিকায় কিছু না প্রকাশ হলেও তাও সত্য, কী মিথ্যা সেটা জানায়নি বিসিবি বা আইসিসি।
এখন নিয়ম অনুযায়ী বিসিবি প্রথমে সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতিকে ডিসিপ্লিনারি কমিটির প্রধাণ হিসেবে নিয়োগ দেবে। সেই চেয়ারম্যান কমপক্ষে আরও ১০ সদস্য নিয়ে কমিটি করবেন। আর এই কমিটি নিয়োগ দেবে তিন সদস্যের ট্রাইবুনাল।
গতকালও সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ করতে গিয়ে এই প্রক্রিয়ার কথাই জানালেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন সুজন। তিনি বললেন, ‘আমরা এখনও ট্রাইবুনালের চেয়ারম্যানের নাম ঠিক করতে পারিনি।’
তবে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন যে, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী হতে যাচ্ছেন এই ট্রাইবুনাল চেয়ারম্যান।