জাতিসংঘ মানবাধিকার সংস্থা আদিলের মুক্তি চায়

মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান খানের শীঘ্রই মুক্তি দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। গতকাল বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের মুখপাত্র লিজ থ্রসেল জেনেভায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আদিলের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আদিলের উপর শারীরিক ও মানসিকভাবে যাতে কোন নির্যাতন করা না হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই। মানবাধিকার রক্ষার কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই আদিলকে গ্রেফতার করা হয়েছে। কোন ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ১০ আগস্ট রাতে সাদা পোশাকধারী পুলিশ আদিলকে গ্রেফতার করে। মুখপাত্র আরো বলেন, গ্রেফতারের পরদিন আদিলের জামিন না-মঞ্জুর করা হয়। আদালতে শুনানির আগে তার জন্য কোন আইনজীবী নিয়োগ করা হয়নি।