যুক্তফ্রন্টের সময় বঙ্গবন্ধু

স্বরূপকাঠিতে ১৫ দিন থেকে উপ-নির্বাচনী প্রচারণায় অংশ নেন

যুক্তফ্রন্টের সময় বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান স্বরূপকাঠির সোহাগদল গ্রামের বড় বাড়িতে একটানা ১৫ দিন থেকে পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের একটি উপ-নির্বাচনের প্রচারণা কাজে অংশ নিয়েছিলেন। সম্প্রতি এ বাড়ির এক প্রবীণ বাসিন্দার স্মৃতিচারণে এ অজানা ইতিহাসের সন্ধান পাওয়া গেছে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তাঁর থাকার ঘরটিসহ মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনারা এ বাড়ির চারটি ঘর জ্বালিয়ে দিয়েছিল। এই বিরল ইতিহাস জেনে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪২ বছর পর জ্বালিয়ে দেয়া ঘরটির অবস্থানে এ বাড়ির নতুন প্রজন্মরা একটি ভবন নির্মাণ শুরু করেছেন। বাকি ৩ ঘরের মালিকরা যুদ্ধের পর পরই পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণ করলেও এতদিন বঙ্গবন্ধুর স্মৃতিধন্য সেই ঘরের ভিটি শূন্য অবস্থায় পড়ে ছিল। পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদকসহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ২৫ বছর দায়িত্ব পালন করা মরহুম জয়নুল আবেদীন মোক্তার যুক্তফ্রন্টের সময় উপ-নির্বাচনে এমপিএ হন। এ আসনের এমপিএ শেরেবাংলা এ কে ফজলুল হক তত্কালীন পূর্ববাংলার গভর্নর নিযুক্ত হলে আসনটি শূন্য হওয়ায় ১৯৫৬ সালে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বিস্মৃত ইতিহাসের তথ্য দিয়েছেন বড় বাড়ির সেই প্রজন্মের ৯৬ বছর বয়সী সর্বশেষ জীবিত মানুষ আলহাজ্ব আব্দুর রহমান তালুকদার। তিনি সাবেক এমপিএ জয়নুল আবেদীনের ছোট ভাই। চলতি মাসের শুরুতে তিনি ইত্তেফাককে বলেন, তখন আমার বয়স ৩৯ বছর। আমার বড় ভাইয়ের নির্বাচনী প্রচারণার জন্য তত্কালীন আওয়ামী লীগের সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানসহ যুক্তফ্রন্টের বিভিন্ন দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতা-কর্মী, আইন সভার সদস্য স্বরূপকাঠির সেই উপ-নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন। স্বরূপকাঠি-বানারীপাড়া-কাউখালী এই তিনটি থানা নিয়ে পিরোজপুর উত্তর প্রাদেশিক পরিষদ আসন ছিল।