হরতালে কুমিল্লায় আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান

জামায়াতের ডাকা গত দুই দিনের হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা শত শত পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান আটকে আছে। এগুলোর বেশিরভাগই বহন করছে রপ্তানি পণ্য। ট্রাক মালিকরা জানিয়েছেন, গতকাল বুধবার রাতের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে না পারলে অধিকাংশ পণ্যের অর্ডার বাতিল হয়ে যেতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায়, জামায়াতের ডাকা টানা দুদিনের হরতালের দ্বিতীয় দিনে বুধবার সকালে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে আছে। অতীব জরুরী কিছু ট্রাক ঝুঁকি নিয়ে মঙ্গলবার রাত ১২টার পর ছেড়ে গেলেও পিকেটারদের ভয়ে বেশিরভাগ ট্রাক দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নাগাদ তারা কুমিল্লা ছেড়ে যাবে বলে আশা করছে।