এনটিভিতে আজ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২০:৪৪
প্রথমবারের মতো আয়োজিত হলো ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড-২০১২। গত ৭ জুলাই রবিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাউন্ড দ্য ক্লকের আয়োজনে শুধুমাত্র চলচ্চিত্র বিষয়ক পুরস্কার প্রদানের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে চলচ্চিত্র বিষয়ক মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। রাত ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাউন্ড দ্য ক্লকের নির্বাহী পরিচালক সালমান মাহমুদ ও চলচ্চিত্রের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের কলাকুশলীরা।
অনুষ্ঠানে ২০১২ সালের চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এ ছাড়া আজীবন সম্মননা প্রদান করা হয়েছে নায়ক রাজ রাজ্জাক ও নায়িকা শবনমকে। বিশেষ সম্মাননা জানানো হয়েছে আহমেদ জামান চৌধুরী ও নায়ক ফারুককে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও যারা পুরস্কার পেয়েছেন—শ্রেষ্ঠ চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’, শ্রেষ্ঠ পরিচালক এফ আই মানিক ‘স্বামী ভাগ্য’, শ্রেষ্ঠ খল অভিনেতা মিজু আহমেদ, পার্শ্ব অভিনেতা আলী রাজ, পার্শ্ব অভিনেত্রী উপমা, সেরা গায়ক এন্ড্রু কিশোর, সেরা গায়িকা কনক চাঁপা, শ্রেষ্ঠ গীতিকার মো. রফিকুজ্জামান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
পুরস্কার প্রদানের ফাঁকে নাচ-গান পরিবেশন করেন শাকিব অপু, ইমন, নিপুণ, সংগ্রাম সানজানা, প্রিন্স, উপমা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নায়ক ফেরদৌস ও ইরিন জামান। আজ রাত ১১টা ১৫ মিনিটে জমকালো এই আয়োজনটি প্রচার হবে এনটিভিতে।