রাজশাহীতে দুই ভুয়া
র্যাব সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২১:২৮
রাজশাহীতে দুই ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরা হলো নগরীর ডিঙ্গাডোবা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. পিন্টু (৪৫) ও লক্ষ্মীপুর বাগানপাড়ার মৃত মইজুদ্দিনের ছেলে মনসুর রহমান (৪০)। মঙ্গলবার রাতে র্যাব রাজশাহী-৫-এর রেলওয়ে কলোনি ক্যামেপর একটি অপারেশন দল তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় র্যাবের অপারেশন দল জানতে পারে যে, পিন্টু ও মনসুর দীর্ঘদিন যাবত্ র্যাব পরিচয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা গ্রহণ করে আসছে। র্যাব সদস্যরা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর কৌশলে দুইজনকে ডিঙ্গাডোবা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন থেকে র্যাব পরিচয় দিয়ে প্রতারণা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গত ৮ আগস্ট রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে থেকে র্যাব পরিচয়ে প্রতারণা ও একটি মোটরসাইকেল চুরির সঙ্গে তারা জড়িত বলে পুলিশ সূত্রে জানা যায়। তাদেরকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।