আজ আসছে আইসিসি পরিদর্শক দল

আইসিসির একটি দল এসে বাংলাদেশকে যথেষ্ট কাঁপিয়ে দিয়ে গেছে। এর মধ্যে আরেকটি আইসিসি দল ঢাকায় আসছে আজই। না, এবার আর আকসু রিপোর্ট সংক্রান্ত কোনো ব্যাপারে নয়, আইসিসির একটি পর্যবেক্ষক দল আসছে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন আজই আইসিসির এই পরিদর্শক দলের ঢাকা আগমনের ব্যাপারটি। এরপর আগামীকাল ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুগুলো ঘুরে দেখবে এই প্রতিনিধি দল। দলে একজন প্রকৌশলী ও একজন ইভেন্ট বিশেষজ্ঞসহ মোট চার জন থাকছেন। বিশ্বকাপের সবগুলো ভেন্যু পরিদর্শনই তাদের লক্ষ্য থাকলেও এই সফরে মূল গুরুত্ব পাবে কক্সবাজার ও সিলেট ভেন্যু। এই দুইটি ভেন্যুর নির্মাণ ও সংস্কার কাজ নিয়ে বেশ অসন্তুষ্ট ছিল আইসিসি। পরে আইসিসির লন্ডন সভায় বিসিবির অনুরোধে তারা এই আগস্টে বিশেষ পরিদর্শন করে দুইটি ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজী নয়। আজই সেই বিশেষ পরিদর্শনে আসছে দলটি। একইসঙ্গে কক্সবাজার ও সিলেটের বিকল্প যথাক্রমে বিকেএসপি ও ফতুল্লার স্টেডিয়ামও দেখানো হবে এই দলকে। এই পর্যবেক্ষক দল যে নির্মাণ ও সংস্কার কাজের গতি দেখে সন্তুষ্ট হবেন, সে ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী, ‘আমরা আশাবাদী যে, কাজের উন্নতি ও গতি দেখে তারা সন্তুষ্ট হবেন। তবে আগাম কোনো মন্তব্য করা তো সম্ভব নয়। তাদের রিপোর্টই এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’