আরেকটি হারের পথে অনূর্ধ্ব-১৯ দল
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২১:৫৬
ইংল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে একটা জয়ের পর আর কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ হারের পর গতকাল উরস্টারশায়ারের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হারের মুখে বাংলাদেশের তরুণরা।
এই ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারের ঠিক শেষ বলে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেটে ১১৮ রান করেছে ইংলিশরা।
ম্যাথু ফিশার ও রোডসের আক্রমণে বাংলাদেশের ব্যাটিং কখনোই স্থিতিশীল হতে পারেনি। এক পর্যায়ে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত মান বাঁচাতে পেরেছে সাত নম্বরে নেমে জয়রাজের করা ৪৭ রানের ইনিংসের ফলে। আর একে ১০ নম্বরে নামা রিফাত প্রধান ১৪ বলে ২২ করে দলকে একটু লড়াকু পুঁজি এনে দেন।