অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফাওয়াদ

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন পাকিস্তানে জন্মগ্রহণকারী লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ। এ মাসের শেষদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য বৃহস্পতিবার ঘোষিত ১৮ সদস্যের অস্ট্রেলিয়া দলে ফাওয়াদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা জেভিয়ার ডোহার্তির পরিবর্তে দলে নেয়া হয়েছে সাবেক শরণার্থী এবং গত মাসে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া ৩১ বছর বয়সী আহমেদকে। অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জন ইনভেরারিটির মতে দলের স্পিন বোলিংয়ের নেতৃত্ব দেয়ার একটা সুযোগ রয়েছে আহমেদের। ইনভেরারিটি বলেন, ‘জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ধারাবাহিকভাবে উইকেট পেয়েছে আহমেদ। সে একজন ভাল ও পরিপক্ব লেগ স্পিনার এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় সে কেমন করে সেটা দেখতে চায় নির্বাচক প্যানেল।’ ফাওয়াদ ছাড়াও এই দলে স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ এবং শন মার্শের সঙ্গে পেসার জস হ্যাজেলউডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মিশেল মার্শের পরিবর্তে নেয়া হয়েছে স্মিথকে। চলতি অ্যাশেজে দলের মূল ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে দারুণ ব্যতিক্রম স্মিথ স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটেও এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন জানিয়ে ইনভেরারিটি বলেন, ‘তরুণ এবং মেধাবী স্ট্রোক মেকার হিসেবে স্মিথ বেশ ভালভাবেই আস্থা অর্জন করেছে এবং এ্যাশেজ ছাড়াও এ দলের হয়েও সে ভাল করেছে। আর মিশেলের বয়স এখন মাত্র ২১ বছর এবং সে এমন একজন খেলোয়াড় যার অনেক বড় ভবিষ্যত্ রয়েছে।’ দক্ষিণ আফ্রিকা এ, জিম্বাবুয়ে ও ভারতীয় এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের নেতৃত্ব দেয়া ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একনাগাড়ে পাঁচটি ওয়ানডে খেলার পর দলে নেয়া হয়েছে ফিঞ্চকে। তিনি বলেন, ‘সে ভাল খেলেছে এবং সফলভাবেই দলের নেতৃত্ব দিয়েছে। নির্বাচক প্যানেল এখন ইংল্যান্ডের বিরুদ্ধে তার ফর্মের পরীক্ষা নিতে চায়।’