কাজীপুরে নদী ভাঙনে কমেছে
২ হাজার হেক্টর আবাদি জমি
কাজীপুর(সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:১৪
রাক্ষুসে যমুনা নদীর অব্যাহত ভাঙ্গন, বার বার বিকল্প বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ এবং আবাদী জমিতে নতুন ঘরবাড়ি নির্মাণের কারণে কাজীপুরে গত ৩৩ বছরে আবাদী জমি কমেছে দুই হাজার হেক্টর। একই সময়ে জমিজমা বসতবাড়ি হারিয়ে অন্তত ১৫ হাজার পরিবার ভূমিহীন হয়ে অতিকষ্টে দিনযাপন করছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে ১৯৮০ সালে কাজীপুরে মোট আবাদী জমির পরিমাণ ছিল ২৭ হাজার ২১০ হেক্টর। বছরের পর বছর ধরে যমুনা নদীর অব্যাহত ভাঙ্গন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, রাস্তাঘাট ও ঘরবাড়ি নির্মাণের কারণে গত ৩৩ বছরে আবাদী জমি কমেছে ২ হাজার হেক্টর। সরকারি হিসেব অনুযায়ী প্রতিবছরে আবাদী জমি কমার হার ০.২৫ হেক্টর। তবে বেসরকারি হিসেব অনুযায়ী বিগত ৩৩ বছরে কাজীপুরের তেকানি, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, নিশ্চিন্তপুর, শুভগাছা, মনসুরনগর, চরগিরিশ, গান্ধাইল এবং কাজীপুর ইউনিয়নে নদীর ভাঙ্গন, আবাদী জমিতে বসতি স্থাপন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে আবাদী জমি কমেছে প্রায় ৪ হাজার হেক্টর জমি। বিপুল পরিমাণ এই আবাদী জমি হ্রাস পাওয়ায় কাজীপুরে একদিকে যেমন ফসল উত্পাদনে বিরূপ প্রভাব পড়েছে অন্যদিকে জমিজমা হারিয়ে এককালের অনেক সচ্ছল কৃষক এখন নিঃস্ব হয়ে কষ্টে দিনযাপন করছে।