নিঝুম দ্বীপের শিশুরা সকল সুবিধা বঞ্চিত

হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের শিশুরা অযত্ন-অবহেলায় বেড়ে উঠছে। এ দ্বীপের শিশুরা দারিদ্র্য, অপুষ্টি ও মৌলিক চাহিদা বঞ্চিত। এ দ্বীপ জুড়ে কয়েশ’ শিশু স্কুলের ধারে-কাছেও যায় না। নবগঠিত নিঝুম দ্বীপ ইউনিয়নে কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। মাত্র পাঁচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় বয়েছে যা এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে নামেমাত্র চলছে এ দ্বীপের শিক্ষা ব্যবস্থা। এ দ্বীপে কোন সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র নেই। ফলে স্বাস্থ্য সেবার অবস্থা খুবই করুন। দ্বীপের অধিকাংশ শিশু রোগা ও অপুষ্টির শিকার। এখানে শিশুদের অধিকাংশ নেট দিয়ে মাছ ধরা বা নদীর তীরে মাছ কুড়ানো, ভেড়া বা মহিষ চড়ান, গরু বা মহিষের গোবর সংগ্রহ, বন থেকে লাকড়ি সংগ্রহ করে জীবন-যাপন চলছে।