নওগাঁয় পৃথক ঘটনায় নিহত ৪ আহত ৬

নওগাঁয় বুধবার বজ্রপাতে দুই কৃষকসহ পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন আনোয়ার হোসেন (৩২), বধুলী ওরাও (৩৫), মোঃ ওলি (২৫) ও হারান চন্দ্র (৪০)। সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, দীঘিরহাট গ্রামের একটি মাঠে বুধবার বিকালে আনোয়ার হোসেন ৮ জন শ্রমিক নিয়ে নিজ জমিতে কাজ করার সময় বিকালে বজ্রপাতে ঝলসে গিয়ে আনোয়ার ও বধুলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় সরুজ মনি (৪২), লাবনী ওরাও (৩৫), মঙ্গলী ওরাওসহ (৩২) ৫ জন কৃষক গুরুতর আহত হন। মান্দা থানার ওসি আব্দুল্লা হিল বাকি জানান, উপজেলার হাজি গোবিন্দপুর নামক স্থানে ট্রাকের চাপায় বুধবার দুপুরে মোঃ ওলি (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন। নিহত ওলি রাজশাহী জেলার তানোর উপজেলার আজিজপুর গ্রামের আব্দুল কাদের আলীর ছেলে। একই ঘটনায় আব্দুস সাত্তার (২৪) নামে অপর এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার চাপরা গ্রামে বুধবার বিকেলে নিজ বাড়িতে বিদ্যুত্ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুত্পৃষ্টে হারান চন্দ্র (৪০) নামে এক হোমিও চিকিত্সকের মৃত্যু হয়েছে।