কেশবপুরে মন্ত্রী আসবেন তাই

আগামীকাল শনিবার যশোরের কেশবপুরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনের খবরে সড়ক ও জনপথ বিভাগের ঘুম ভেঙ্গেছে। শুরু হয়েছে ভাঙ্গাচোরা রাস্তা মেরামতের কাজ। চলাচলরত জনসাধারণ খেদোক্তি প্রকাশ করে বলেন, মাঝে-মধ্যেই মন্ত্রী যদি আসতেন তাহলে তাদের আর খানাখন্দ রাস্তা পার হতে হতো না। কেশবপুর উপজেলায় যোগাযোগ খাতে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। সাবেক আমলের পিচের রাস্তাগুলোও রক্ষণাবেক্ষণের কোন উদ্যোগ নেয়া হয়নি। কেশবপুর শহর থেকে ত্রিমোহিনী সড়ক, পাঁজিয়া-কাটাখালি সড়ক, সাগরদাঁড়ি মধু সড়কগুলোর পিচ উঠে চলাচল অনুপোযগী হয়ে পড়লেও কর্তৃপক্ষের টনক নড়েনি। মন্ত্রী আসবেন তাই তড়িঘড়ি করে মন্ত্রী যে রাস্তায় অনুষ্ঠান স্থলে পৌঁছাবেন সেই ত্রিমোহিনী সড়কটির খানাখন্দ ভরাট করতে পটি দেয়ার কাজ শুরু হয়েছে। সংসদীয় আসন দুর্গম এলাকাখ্যাত অভয়নগর উপজেলার সাথে হওয়ায় এবং এ আসনের এমপি অভয়নগরের বাসিন্ধা হওয়ায় কেশবপুরের মানুষের উন্নয়নে কোন পদক্ষেপ নেয়া হয়নি।