কেশবপুরে আটক ৯ ডাকাত
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৭
জেলার কেশবপুরে গতকাল বৃহস্পতিবার ভোরে ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাতিকালে ২ জনকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আরো ৭ জনকে আটক করা হয়। কেশবপুর থানার এসআই দেলোয়ার বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসাথে তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধার এবং অপর সদস্যদের আটকের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃতরা হল কেশবপুরের কোমরপোল গ্রামের রানা, হাসান উল্লাহ, আব্দুল খালেক, আল আমিন সাগর, আজিজুর রহমান, তুহিন, কবীর হোসেন, রাসেল ও খোকন। স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুরের ক্রাইম পয়েন্ট ল্যাংটাখালীর পাশে পদ্মবিল এলাকায় মনিরামপুরের পারখাজুরা গ্রামের ডা. আসাদুজ্জামান গত বুধবার রাতে ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা তার মোটর সাইকেল ও নগদ টাকা নিয়ে যায়। ঘটনা জানতে পেরে মনিরামপুরের রাজগঞ্জ ফাঁড়ির টহল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গতকাল ভোরে রানা ও হাসান উল্লাহকে আটক করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী পরে আরো ৭ জনকে আটক করা হয়।