বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে সর্বধর্ম প্রার্থনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সাংবাদিক সমাজ সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করে। গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রার্থনা সভায় বিপুল সংখ্যক সাংবাদিক, সুশীল সমাজের সদস্য এবং পেশাজীবী প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। আলহাজ্ব হাফেজ মাওলানা জিয়াউল হাসান পবিত্র কোরআন তেলাওয়াত, প্রকৌশলী মানস কুমার মিত্র পবিত্র গীতা, ফাদার এলএন গোমেজ পবিত্র বাইবেল এবং কোলিত ভিক্ষু পবিত্র ত্রিপিটক পাঠ করেন। পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং অন্যান্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। চ্যানেল আই-এর সংবাদ উপস্থাপক সায়েদুর রহমান সভা পরিচালনা করেন। প্রার্থনা সভা শুরুর আগে জাতির জনক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৮ সাল থেকে আন্তঃধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সর্বধর্ম প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক বেবী মওদুদ এমপি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খান, সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ার, আতাউর রহমান এবং অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো চিফ ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।