আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩১
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কথাবার্তা ও আচরণে বুঝা যাচ্ছে তারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না। আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্যে সে কথাই প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার পুরনো ঢাকার লালবাগে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম থেকে আসা উলামায়ে কেরামদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল্লাহ বলেন, আওয়ামী লীগ যত পরিকল্পনাই করুক সরকারের ক্ষমতায় থাকার কোনো পথই এখন আর খোলা নেই। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলো, যে তারা মেয়াদের পর এক মুহূর্তও ক্ষমতায় থাকতে চায় না। কিন্তু এবার ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা উল্টো কথা বলতে শুরু করেছে।
মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দে মধ্যে মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফতি মুহাম্মদ তৈয়্যব, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা মাঈনুদ্দিন রুহী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি