রাজীব হত্যা মামলার আসামি সাদমান রিমান্ডে
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩১
রাজধানীর পল্লবীতে স্থপতি রাজীব হায়দার হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতারকৃত নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র সাদমান ইয়াসির মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দশদিনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মহানগর হাকিম শামসুল আরেফিন এ রিমান্ড মঞ্জুর করেন। ধানমন্ডি এলাকা থেকে বুধবার রাতে সাদমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম জানান, রাজীব হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় সাদমান। ঘটনার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। সাদমান জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানীর সহযোগী।
এ মামলার সন্দেহভাজন আসামি মুফতি জসিম উদ্দিন রহমানীকে সোমবার গ্রেফতার করে বরগুনা পুলিশ। এ সময় আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি গণজাগরণের অন্যতম নেতা স্থপতি আহমেদ রাজীব হায়দার শোভনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে মামলা করেন নিহত রাজীবের বাবা ডা. নাজিমউদ্দিন।
ইতিমধ্যে এ মামলায় গোয়েন্দা পুলিশ গত ১ মার্চ নর্থ-সাউথ ইউনিভার্সিটির আরো পাঁচ ছাত্রকে গ্রেফতার করে। এরা হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রোমান, নাঈম সিকদার ও নাফিস ইমতিয়াজ। তারা সবাই দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।