সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত অর্ধশত

সারাদেশে সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিশুসহ ১৩ জন নিহত এবং অন্তত ৫৬ জন আহত হয়েছে। ইত্তেফাক সংবাদদাতারা এ খবর নিশ্চিত করেছেন। মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ীতে গতকাল বিকালে ঢাকাগামী একটি দোতলা বাস এবং বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন বত্সর বয়সী শিশু লাইজু মনি মারা যায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় সোহেল (২০) নামে এক অটোরিক্সা যাত্রীর মৃত্যু হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁওয়ের তুহিন চৌধুরী (২২) ও একই গ্রামের নূরজাহান বেগম (৬০)। পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, গতকাল তারা একটি মাইক্রোবাসযোগে মৌলভীবাজারে মাধবকুণ্ড জলপ্রভাতে বেড়াতে যাচ্ছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল-নেকমরদ সড়কের মিরডাঙ্গী এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাণীশংকৈল-নেকমরদ সড়কের মিরডাঙ্গী এলাকায় মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে হলে ইয়াকুব আলী (২৫) ও ইসমাইল হোসেন (২৬) মারা যায়। এ দুর্ঘটনায় নসিমন আরোহী আরো তিনজন আহত হয়েছে। বরিশাল অফিস জানিয়েছে, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর চৌমাথা এলাকায় গতকাল মাইক্রোবাস চাপায় মাফুজা আক্তার মিথিলা (৮) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। প্রত্যদর্শীরা জানায়, মহাসড়ক পার হয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদে যাবার পথে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয় মিথিলাকে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার রফিক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সন্ধ্যায় মহাসড়কের তিলক কলাডেমা এলাকায় ট্রাকের সাথে টেম্পোর সংঘর্ষে টেম্পোটি উল্টে গেলে রফিক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্বরোড় বাইপাস এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক মহিলা নিহত হয়েছে। মির্জাপুর রেলওয়ে স্টেশনমাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে ঐ মহিলা ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মাদারীপুর প্রতিনিধি জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের চতুরপাড়া এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পাবনা প্রতিনিধি জানান, পাবনা-ফরিদপুর সড়কের ডেমরা এলাকায় গতকাল সিএনজি চালিত অটোরিক্সা ও ইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বাইপাস সড়কের মুখে গতকাল টমটম চাপায় পথচারী রাবেয়া খাতুন (১০) নিহত হয়েছে। এদিকে গত বুধবার গভীর রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার সমসপুরে দুইটি যাত্রীবাহী বাস মুখোমুখি হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, উপজেলার রাবার বাগান এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় রাবার বাগান শ্রমিক মাহবুব আলম (৪০) নিহত হয়েছেন। তিনি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।