চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নেতার গাড়িতে আগুন

চট্টগ্রামে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নগর বিএনপি‘র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিমন ভবনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় নগর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি গাজী সিরাজ উল্লাহ বক্তব্য দেয়ার এক পর্যায়ে নগর বিএনপির সভাপতি তাকে থামিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় আমীর খসরু ‘ছাত্রদলের নতুন কমিটি মানি না’ বলে ঘোষণা দেন এবং ছাত্রদলের নতুন কমিটিকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এতে ছাত্রদলের নতুন কমিটির সমর্থক এবং পদবঞ্চিতদের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার মারামারি শুরু হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাতের গাড়িতে অগ্নিসংযোগ করলেও পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। প্রায় ৩০ মিনিটব্যাপী সংঘর্ষের পর আমীর খসরু সমর্থকরা ঘটনাস্থল ছেড়ে যাওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে আসে। ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ ইত্তেফাককে বলেন, ‘আমি বক্তৃতা দেয়ার সময় আমীর খসরু হঠাত্ ছাত্রদলের নতুন কমিটি মানেন না বলে চিত্কার করে ওঠেন। এছাড়া তিনি আমাকেসহ ছাত্রদলের নতুন কমিটির সদস্যদের লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এরপর হঠাত্ তার (আমীর খসরু) অনুসারীরা নাসিমন ভবনের সামনে রাখা ডা. শাহাদাতের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িতে যারা আগুন দিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ইত্তেফাককে বলেন, নতুন কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবারও একই কারণে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি নতুন কমিটি নিয়ে সৃষ্ট অচলাবস্থাকে ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করলেও এ সমস্যার গ্রহণযোগ্য সমাধান হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। এ সমস্যার বিষয়টি অচিরেই দলীয় চেয়ারপার্সনকে অবহিত করা হবে বলে তিনি জানান। এদিকে, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের গাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল। নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ১/১১ এর কান্ডারী পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেনের গাড়িতে যারা আগুন দিয়েছে তারা দুষ্কৃতকারী। তারা দলের কেউ না, দলের ভিতর ঘাপটি মেরে থাকা আওয়ামী এজেন্ট। তাদের চিহ্নিত করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, কাজী বেলাল উদ্দিন, আর.ইউ চৌধুরী শাহীন, মোশারফ হোসেন দিপ্তি, অধ্যাপক নুরুল আলম রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, কাউন্সিলর আজম উদ্দিন, কাউন্সিলর তৈয়ব, কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল প্রমুখ।