গোপন বৈঠকের সময় জামায়াতের চার নেতা আটক

রাজধানীর গোপীবাগের একটি বাসায় গোপন বৈঠক করার সময় গত বুধবার রাত ১০টার দিকে জামায়াতে ইসলামীর চার নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিরা গোপনে ওই বাসায় বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। তবে আটক নেতাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এমনকি তারা দলের কোন পর্যায়ের নেতা, এ বিষয়েও কিছু জানানো হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল অঞ্চলের উপ-কমিশনার আশরাফুজ্জামান বলেন, এই চার নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। নাশকতার পরিকল্পনায় আর কেউ জড়িত কি না, তাদের খুঁজে বের করতে এসব অভিযান চালানো হচ্ছে। এদিকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে গত ১৪ আগস্ট হরতাল চলাকালে ছাত্রশিবির ঢাকা মহানগরীর ৮৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদ খলিলুর রহমানের পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে শিবির ঢাকা মহানগরী দক্ষিণ ও পশ্চিম শাখা। শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতাকর্মীরা রাজধানীর ডেমরা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে শ্যামলীতে বিক্ষোভ মিছিল করেছে শিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখা।