ভারতীয়দের গণপিটুনিতে নিহত দুই আদিবাসী কিশোরের লাশ হস্তান্তর

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ভারতীয়দের গণপিটুনিতে নিহত দুই আদিবাসী কিশোরের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার রাত পৌনে ১০টায় পতাকা বৈঠকের পর বিএসএফ নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকা দিয়ে বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করে। নিহতরা হলেন, রাংটিয়া গ্রামের শ্রীকান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (১৫) ও প্রেমানন্দ কোচের ছেলে শীতল কোচ ওরফে হেদা কোচ (১৫)। তারা রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গ্রামবাসী, পরিবার ও বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ আগস্ট) বিকেলে নিহত দুই কিশোরসহ মোট পাঁচজন রাংটিয়া সীমান্তের ১১০৭/৬ নং মেইন পিলার এলাকায় গেলে সীমান্তের ওপারের লোকজন তাদের ধরে নিয়ে যায়। এ সময় তারা উত্তেজিত মারমুখি জনতার কবলে পড়ে। এদের মধ্যে তিনজন কোনমতে পালিয়ে আসতে পারলেও দুইজন গণপিটুনিতে মারা যায়। পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে ওই দুই আদিবাসী কিশোকে ভারতীয় গ্রামবাসী কর্তৃক পিটিয়ে হত্যার কথা স্বীকার করা হয়।