চট্টগ্রামের কর্ণফুলিতে
নৌকাডুবি, একই
পরিবারের ৩ জন নিখোঁজ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:৫৭
চট্টগ্রামের কর্ণফুলি নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু সন্তানসহ এক পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নিখোঁজ তিনজন হলেন ব্যবসায়ী মো. হারুন (৪০), তার মেয়ে ইশরাত (৬) ও ছেলে মারুফ (৪)। ডুবে যাওয়া নৌকাটিতে হারুনের স্ত্রী পারভিন আক্তার (৩০) ও আরেক ছেলে মিরাজ (৪) থাকলেও তাদের নৌকার মাঝি-মাল্লারা উদ্ধার করতে সক্ষম হন। বুধবার সারারাত এবং গতকাল বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়েও নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি বলে গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে জানান কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে কর্ণফুলি থানায় দুর্ঘটনা মামলা দায়ের করা হয়েছে।
নিখোঁজদের সন্ধানে গতকাল সারাদিন কর্ণফুলির তীরে অবস্থান করেন স্বজনরা। এসময় অসংখ্য উত্সুক জনতাও সেখানে ভিড় করেন।
জাহাজের যন্ত্রাংশ ব্যবসায়ী হারুন চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামে নিজ বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে বুধবার পরিবার নিয়ে নগরীতে ফিরছিলেন।