বেলকে ছাড়াই মাঠে নামছেন টটেনহ্যাম কোচ
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২০:৪৭
টটেনহ্যাম হটস্পারের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস জানিয়েছেন ফরোয়ার্ড গ্যারেথ বেল পায়ের ইনজুরির কারণে আগামী সেপ্টেম্বরের আগে মাঠে নামতে পারবেন না। সেক্ষেত্রে ক্লাবটির প্রথম তিন খেলাতেই মাঠের বাইরে কাটাতে হবে তাকে। যদিও গতকাল শুক্রবারও তাকে দলের অনুশীলনে দেখা গেছে।
এই ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের টার্গেট ও প্রিমিয়ার লিগের সবচাইতে সম্ভাবনাময় খেলোয়াড়টি হটস্পারের হয়ে প্রাক মৌসুম খেলাগুলোতেও অংশ নিতে পারেননি। ফলে ওয়েলশ জাতীয় দলের তারকা খেলোয়াড়টি যদি সাড়ে আট কোটি পাউন্ডের বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে স্প্যানিশ দলটিতে যোগ দেন তাহলে স্পার্সদের হয়ে শেষ ম্যাচটি হয়তো খেলে ফেলেছেন।
ভিলাস বোয়াস জানান, ২৪ বছর বয়সী এই তারকা লিগে উত্তর লন্ডনের প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে খেলাটির আগে মাঠে ফিরতে পারবেন না। ইউরোপিয় ফুটবলের দলবদল শেষ হয়ে যাবে ২ সেপ্টেম্বর। তার আগেরদিন অনুষ্ঠিত হবে খেলাটি।
গেল মৌসুমের তৃতীয় সর্বাধিক গোলদাতা বেল এবারের প্রিমিয়ার লিগে টটেনহ্যামের প্রথম খেলায় ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে খেলতে পারবেন না। এমনকি বৃহস্পতিবার ইউরোপা লিগের প্রথম প্লে-অফ অ্যাওয়ে ম্যাচে জর্জিয়ান ক্লাব ডায়নামো তিবিলিসির বিরুদ্ধে কিংবা নিজেদের মাঠে ২৫ আগস্ট সোয়ানসি সিটির সাথে খেলাটিতেও অংশ নিতে পারবেন না।
পর্তুগিজ কোচ ভিলাস বোয়াস গতকাল শুক্রবার ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, ‘প্যালেস, তিবিলিসি এবং সোয়ানসির বিপক্ষের ম্যাচগুলোতে তাকে খেলানো হবে না। কারণ এই ম্যাচগুলোতে খেললে তার প্রত্যাবর্তন হুমকির মুখে পড়তে পারে।’
বেল হ্যামন্ট্রিংয়ের ইনজুরির কারণে ১৬ জুলাই সুইনডন টাউনের বিরুদ্ধে প্রাক মৌসুম প্রথম প্রস্তুতি ম্যাচটিতে গোল করার পর আর টটেনহ্যামের হয়ে খেলতে পারেননি। আর এখন পড়লেন পায়ের ইনজুরিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে ওয়েলশ দলে থাকলেও ফিট না থাকায় মাঠে নামতে পারেননি বেল।
তিনি আরো বলেন, ‘আমাদের দেখতে হবে সে ওয়েলশ থেকে কীভাবে ফেরে এবং দেখবো মূল একাদশের সাথে অনুশীলনে ফেরার জন্য তার পায়ের ব্যথার সমস্যার কতটা অগ্রগতি হয়েছে। অন্যদের তুলনায় তার ফিটনেসের ব্যবধানটা অনেক বেশি। সুতরাং ছয় সপ্তাহ পর অন্যরা যে পর্যায়ে থাকবে তাকে সেখানে নিতে কিছু সময় তো লাগবে।’
মাদ্রিদে যাওয়া প্রসঙ্গে এই পর্তুগিজ বলেন, আদর্শগতভাবে ইংল্যান্ডের বর্ষসেরা এই ফুটবলার স্পার্সেই থাকছেন। দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেন, ‘আমরা গ্যারেথের ওপর নির্ভর করবো। এটা আমি বারবার বলেছি। গত মৌসুমে বেল দুর্দান্ত খেলেছেন এবং ব্যক্তিগত নৈপুণ্যে সকলকে ছাড়িয়ে গেছেন। এজন্যই তাকে নিয়ে এতো টানাটানি।’ এ প্রসঙ্গে সাবেক চেলসি কোচ আরো বলেন, ‘আমরা চাইবো বেল টটেনহ্যামেই থাকুক। আমরা রিয়াল মাদ্রিদের আগ্রহটাও জানি। তার মানে এই না যে আমরা তাদের সাথে সমঝোতা করবো। যেসব ক্লাব তাকে চেয়েছে তাদের সকলকে স্পষ্টভাবেই আমরা বলেছি যে সে আমাদের খেলোয়াড়।’
এই দলবদলের টানাটানিতে বেলের মনোভাব কি জানতে চাইলে কোচ বলেন, ‘তার মনোজগতের কথা কেউ জানেন না। কারণ খেলোয়াড়টি কিছু বলছে না। আমরা কিংবা আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হলো—খেলোয়াড়টি প্রশিক্ষণের জন্য মাঠে আসছে এবং সেখান থেকে ফিরছে। —সকারওয়ে