হরতাল বন্ধ করুন
যানজট কমিয়ে
দেব
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২১:২১
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে নড়াইল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, হরতাল বন্ধ করুন, আমি যানজট কমিয়ে দেবো। ঈদের আগেতো কোন যানজট হয়নি। জামায়াত-শিবিরের একটানা দুদিনের হরতালের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পৃথিবীর মধ্যে কোন দেশে এতো রাস্তা নেই। আমার শত্রুও বলবে রাস্তা এখন আগের চেয়ে অনেক ভাল। তিনি বলেন, আমি মন্ত্রী হয়েছি ২০ মাস। এই ২০ মাস একজন মন্ত্রীর সাফল্যের জন্য যথেষ্ট সময় নয়।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর সাথে কালনা সেতুও নির্মাণ করা হবে। কেননা পদ্মা সেতুর সাথে কালনা সেতু অবিচ্ছেদ্যভাবে জড়িত। পদ্মা সেতুর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পদ্মা সেতুর মূল কাজ শুরু করা এখন সময়ের ব্যাপার মাত্র। ৩টি প্রতিষ্ঠান ইতিমধ্যে টেন্ডার কিনেছে। কালনা সেতুর কাজের প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা আছে এবং মাটি পরীক্ষার জন্য বুয়েটের দুজন প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে সেতুটি এ সরকারের আমলে হবে না।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি এস কে আবু বাকের, মহিলা এমপি ফরিদা রহমান, নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, এসএম আসিফুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মন্ত্রী নড়াইলের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে আগামী নির্বাচনের জন্য সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।